তিন দিন পর কথা বললেন খালেদা জিয়া

24 Live Newspaper

টানা তিন দিন প্রায় সাড়া-শব্দহীন থাকার পর অবশেষে কথা বলেছেন গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে সামান্য কথা বলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সার্বিক সংকট এখনো কাটেনি।

বেগম খালেদা জিয়া

শনিবার এই তথ্য নিশ্চিত করেছে খালেদা জিয়ার পরিবার ও হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। জানা গেছে, কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় খালেদা জিয়ার ফুসফুসে অতিরিক্ত পানি জমে যায়, যার ফলে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এই পরিস্থিতিতে তাকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী কয়েক দিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড জানিয়েছে, তার কিডনির অবস্থার স্থিতিশীলতা ছাড়া সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি কঠিন। পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডন বা সিঙ্গাপুরে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে, যেখানে তিনি আগেও চিকিৎসা নিয়েছেন।

তবে তার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের ধকল সহ্য করার মতো অবস্থায় আছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হলেও তার বর্তমান শারীরিক অবস্থা ভ্রমণের অনুকূলে নয়। চিকিৎসকরা আগামী কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, খালেদা জিয়ার অসুস্থতার খবরে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালের সামনে ভিড় করছেন। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি হাসপাতালের সামনে ভিড় না করার জন্য নেতা-কর্মীসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।