![]()

বাফুফে নির্বাহী কমিটির ষষ্ঠ নিয়মিত সভা ছিল আজ দুপুরে। ঘণ্টা চারেকের বেশি সময় আলোচনা হলেও সভা মুলতবি হয়েছে। ১৯ এজেন্ডার মধ্যে মাত্র দশটি আলোচনা হয়েছে। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান নির্বাহী কমিটি ইতোপূর্বেও একাধিকবার মুলতবির ঘটনা ঘটেছে।
জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন কোচের সন্ধানে এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আজকের বাফুফে কার্যনির্বাহী কমিটির সভায় ১১ নম্বর আলোচ্যসূচিতে থাকা ‘জাতীয় দলের প্রশিক্ষক নিয়োগ’ বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি।
১০ নম্বর এজেন্ডার পর সভা আর অগ্রসর না হওয়ায় গুরুত্বপূর্ণ এই বিষয়টি অমীমাংসিত থেকে যায়। অথচ সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘জাতীয় দল কমিটি এটি নিয়ে আগে আলোচনা করবে। তাদের সুপারিশ আসার পরেই বিষয়টি মূল সভায় আসবে।’
সভায় মোট ১৯টি এজেন্ডা থাকলেও মূল কেন্দ্রবিন্দুতে ছিল ২০২৫ ও ২০২৬ সালের বাজেট। সভা সূত্রে জানা গেছে, বাজেট নিয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ আলোচনা হলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। বাজেট পর্যালোচনার জন্য আরও সময়ের প্রয়োজন বলে মনে করছেন কমিটির সদস্যরা। এ কারণে এক সহ-সভাপতির প্রস্তাবের প্রেক্ষিতে আজকের সভায় বাজেট অনুমোদন দেওয়া হয়নি। এজন্য আবার একটি জরুরি সভা আহ্বান হবে। আজকের সভার ফলপ্রসূতা বলতে শুধু ২২ মে এজিএম আয়োজনের সিদ্ধান্ত। যদিও এখনো ভেন্যু ঠিক হয়নি।
এদিকে, লিগ কমিটির বিগত সভায় আগামী মৌসুমে পাঁচটি প্রতিযোগিতা আয়োজনের যে সিদ্ধান্ত হয়েছিল, আজকের সভায় তারই প্রতিফলন দেখা গেছে। গত মৌসুমের শুরুতে একই অঙ্গীকার করা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আগামী মৌসুমে এর নিশ্চয়তা কতটুকু- এমন প্রশ্নের জবাবে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘বর্তমানে একটি স্থিতিশীল নির্বাচিত সরকার রয়েছে। আমরা আমাদের ক্যালেন্ডারে যে টুর্নামেন্টগুলো রেখেছি, আশা করছি সেগুলো যথাসময়ে আয়োজন করতে পারব।’
চার দিন আগে ফুটবলাররা সার্ক কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সেই আবেদনপত্রটি আজকের সভায় উত্থাপিত হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। এ প্রসঙ্গে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফুটবলারদের জন্য কোনটি ভালো হবে, তা আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রয়োজনে আমরা খেলোয়াড়দের সঙ্গেও কথা বলব। ঘরোয়া ফুটবল লিগের মান ও দর্শকশূন্যতা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এক সদস্য, ঢাকা জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন এবং আবাহনী-মোহামেডানকে ঢাকা স্টেডিয়ামের ভেন্যু করার প্রস্তাবও দেন।’
তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি ২০২৪ সালের ২৬ অক্টোবর নির্বাচিত হয়। ৯ নভেম্বর প্রথম নির্বাহী কমিটির সভায় দশের অধিক স্ট্যান্ডিং কমিটি হয়। বাফুফে সভাপতি যে সকল কমিটির চেয়ারম্যান সেই কমিটি ব্যাতীত অন্য সকল কমিটির মেয়াদ এক বছর। সেই অনুযায়ী অন্য সকল কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ। আজকের সভায় এজেন্ডায় এটি পরের দিকে থাকলেও একাধিক কর্মকর্তা নারী, গ্রাউন্ডস ও আরো কয়েকটি কমিটি নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে সংবাদ সম্মেলনেও প্রশ্ন হলে, ‘আমাদের এক বছর মেয়াদ শেষ হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আরো আলোচনা হবে এবং কমিটি পুনর্গঠন হবে। এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’
নির্বাহী কমিটির পর সাধারণত বাফুফে নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুই ব্রিফ করেন। আজ অবশ্য তিনি শুরু করলেও পরবর্তীতে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, আরেক সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বক্তব্য ও প্রশ্নের উত্তর দিয়েছেন।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিগত এক ব্রিফিংয়ের সময় বাংলাদেশের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ‘সাইবেরিয়া’ নাম উল্লেখ করেছিলেন একাধিকবার। অথচ সাইবেরিয়া কোন দেশই নয়। আজকের সভার ব্রিফিংয়েও একাধিকবার ‘স্লিপ অফ টাং’ করেছেন। শুরুতেই আলোচ্যসূচি এজেন্ডাকে ‘এজেন্ট’ বলেছেন। আবার আগামী মৌসুমের বর্ষপঞ্জি প্রসঙ্গে বলছিলেন, ‘পাঁচটি লিগ হবে।’ শীর্ষ পর্যায়ে সাধারণত একটি লিগই হয়। টুর্নামেন্ট, লিগ মিলিয়ে পাঁচটি প্রতিযোগিতার বিষয়টি বোঝাতে গিয়ে লিগ বলেছেন। বাংলাদেশ অ-২০ দল সাফ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, সেটাকে তিনি অ-২০ লিগ হিসেবে আখ্যায়িত করেছেন।
Source: https://www.dhakapost.com/sports/446083








