- খেলাধুলা প্রতিবেদক
নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক পুরুষ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে অভিষেক ম্যাচটি ভারতের জন্য সুখকর হয়নি। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের ৫১ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৩ রানের পাহাড়সম পুঁজি গড়ে সফরকারীরা। জবাবে ১৬২ রানেই গুটিয়ে যায় স্বাগতিক ভারত। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে এইডেন মার্করামের দল। এতদিন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে ১২টি করে জয় নিয়ে শীর্ষে ছিল, তবে ১৩তম জয়ে এখন এককভাবে এই রেকর্ডের মালিক প্রোটিয়ারা।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কুইন্টন ডি কক। অবসর ভেঙে ফেরা এই ওপেনার শুরু থেকেই ছিলেন আগ্রাসী। অন্য প্রান্তে রেজা হেনড্রিকস ১০ বলে ৮ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেও, অধিনায়ক মার্করামের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন ডি কক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে থাকলেও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে থামেন তিনি। উইকেটরক্ষক জিতেশ শর্মার তৎপরতায় ৯০ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে। ৪৬ বলের এই ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। এছাড়া মার্করাম ২৬ বলে ২৯ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ১৪ রান করেন। শেষদিকে ডেভিড মিলারের ১২ বলে অপরাজিত ২০ ও ডোনোভান ফেরেইরার ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে ২১৪ রানের লক্ষ্য দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী ২টি ও অক্ষর প্যাটেল ১টি উইকেট শিকার করেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। ওপেনার শুভমান গিল প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে বিদায় নেন। অভিষেক শর্মা ৮ বলে ২ ছক্কায় ১৭ রান করে ঝড়ের আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব ৪ বলে ৫ ও অক্ষর প্যাটেল ২১ বলে ২১ রান করে আউট হলে চাপে পড়ে দল। হার্দিক পান্ডিয়াও ২৩ বলে ২০ রানের বেশি করতে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক ভার্মা। ৩৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। জিতেশ শর্মা ১৭ বলে ২৭ রান করে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন।
ম্যাচের শেষদিকে ভয়াবহ ব্যাটিং ধসের মুখে পড়ে ভারত। মাত্র ৫ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় তারা। ১৮তম ওভারে লুথো সিপামলার বলে জিতেশ আউট হওয়ার পরই ধসের শুরু। পরের ওভারে ওটনিয়েল বার্টম্যান একে একে শিবম দুবে, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তীকে সাজঘরে পাঠান। শেষ ওভারে লুঙ্গি এনগিডির প্রথম বলেই তিলক আউট হলে ১৯.১ ওভারে ১৬২ রানে শেষ হয় ভারতের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ওটনিয়েল বার্টম্যান ২৪ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও লুথো সিপামলা প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন কুইন্টন ডি কক।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একপেশেভাবে হারিয়েছিল সূর্যকুমার যাদবের দল। সেবার ১৭৬ রান তাড়ায় মাত্র ৭৪ রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সেই হারের প্রতিশোধ নিয়ে সিরিজে ১-১ সমতা টানল দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় অনুষ্ঠিত হবে।









