- খেলাধুলা ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল পর্তুগাল। আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে টানা সপ্তমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নিলো রবার্তো মার্টিনেজের শিষ্যরা। দলের এই ঐতিহাসিক জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস।

পোর্তোর স্তাদিও দো দ্রাগাওয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পর্তুগাল শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। রোববার রাতের এই ম্যাচে বল দখলের লড়াই থেকে শুরু করে আক্রমণ, সব বিভাগেই আর্মেনিয়াকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে ২৭টি শট নেয় পর্তুগাল, যার মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে, আর্মেনিয়া মাত্র তিনটি শট নিতে সক্ষম হয়।
ম্যাচের ৭ মিনিটেই রাফায়েল ভেইগার গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে ১৮ মিনিটে স্পার্টসিয়ানের গোলে সমতায় ফেরে আর্মেনিয়া। এরপরই শুরু হয় পর্তুগিজদের গোল উৎসব। হ্যাটট্রিক করা ব্রুনো ও নেভেস ছাড়াও একটি করে গোল করেন গঞ্জালো রামোস ও ফ্রান্সিসকো কন্সেকাও। এই জয়ের ফলে পর্তুগাল তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড স্পর্শ করল। এর আগে ২০২৩ সালে লুক্সেমবার্গকে ৯-০ গোলে হারিয়েছিল তারা।
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজ প্রায় এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে গোলখরায় ভুগছিলেন। তিনি এই ম্যাচেই হ্যাটট্রিকের মাধ্যমে সেই খরা কাটান। বিরতির ঠিক আগে এবং ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি ৫১ মিনিটেও জালের দেখা পান তিনি। অন্যদিকে, জোয়াও নেভেসও জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলকেই হ্যাটট্রিকে রূপ দেন, যার মধ্যে একটি ছিল অসাধারণ ফ্রি-কিক।
এই জয়ের মাধ্যমে ইউরোপীয় বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পর্তুগাল। এর আগে একটি ম্যাচে ড্র এবং আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তাদের বিশ্বকাপ নিশ্চিত করতে অপেক্ষা করতে হচ্ছিল। ওই ম্যাচেই লাল কার্ড দেখায় আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি রোনালদো। এদিকে, সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আয়ারল্যান্ডকে বিশ্বকাপে যেতে হলে প্লে-অফের বাধা पार করতে হবে।









