- ২৪ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের বিশেষ ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাংবাদিকরা তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, আমরা সবার জন্যই প্রস্তুত। বিশেষ কারও জন্য যেটা বিশেষভাবে দরকার সেটিও দিতে আমরা প্রস্তুত আছি।
তবে কোর কমিটির বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ বা তার নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
তার ভাষ্য, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সোমবার (১ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে এবং যথাসময়ে দল এ বিষয়ে বিস্তারিত জানাবে।
২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনের পর হঠাৎ তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপির অভ্যন্তরীণ কৌশল-সবকিছুর সঙ্গে বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত বলে মনে করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে তার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থাপনা সক্রিয় করা হবে। প্রয়োজন হলে বিশেষ নিরাপত্তা বাহিনী বা উচ্চ পর্যায়ের প্রটোকলও বিবেচনায় আনা হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।









