রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী দেখতে চান বার্সা তারকা

রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী দেখতে চান বার্সা তারকা

ইউরোপের নারী ফুটবলে স্পেনের লিগা এফ একসময় ছিল অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষ খেলোয়াড়দের অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্য দেশের লিগে। বার্সেলোনার তারকা ও তিনবারের ব্যালন ডি’অরজয়ী আইতানা বনমাতির মতে, এর পেছনে বড় কারণ ঘরোয়া লিগগুলোর মানের পার্থক্য।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বনমাতি বলেছেন, অন্য কিছু দেশের প্রতিযোগিতা এখন খেলোয়াড়দের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে ইংলিশ লিগে স্পেনের অনেক খেলোয়াড় চলে যাওয়ার বিষয়টি তার চোখে পড়েছে।

বনমাতির ভাষায়, লিগা এফ এখনো শীর্ষ পর্যায়ের লিগ হয়ে উঠতে পারেনি। বরং সেই জায়গায় পৌঁছাতে স্পেনের ঘরোয়া ফুটবলের আরও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি।

বার্সেলোনা ও বনমাতি অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে নারী ফুটবলে নিজেদের উচ্চতা ধরে রেখেছেন। গত ছয়টি চ্যাম্পিয়নস লিগের চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা, আর বাকি দুবার রানার্সআপ হয়েছে তারা। কিন্তু ইউরোপের সাফল্যের মাঝেও দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় গত কয়েক মৌসুমে ক্লাব ছেড়েছেন।

এই তালিকায় সাম্প্রতিক বড় নাম আলেক্সিয়া পুতেয়াস। দুইবারের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার চলতি বছর ইংলিশ উইমেনস সুপার লিগে চলে গেছেন। তার সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন ওনা বাতলে ও মাপি লেয়ন। অন্যদিকে সালমা পারালুয়েলো যোগ দিয়েছেন ওএল লিওনে।

তবে বার্সেলোনার খেলোয়াড় হারানোর প্রবণতা আরও আগে থেকেই দেখা যাচ্ছে। ২০২৪ সালে দীর্ঘদিনের ফরোয়ার্ড মারিওনা কালদেন্তেই আর্সেনালে যোগ দেন। এরপর ইয়ানা ফার্নান্দেজ, ফ্রিদোলিনা রোলফো ও লুসি ব্রোঞ্জের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরাও ক্লাব ছেড়েছেন।

বনমাতি মনে করেন, লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো গেলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। বিশেষ করে রিয়াল মাদ্রিদ আরও শক্তিশালী হয়ে উঠুক—এমনটাই চান তিনি। তার মতে, স্পেনের শীর্ষ লিগে প্রতিদ্বন্দ্বিতা যত বাড়বে, নিজেদের মানও তত উন্নত হবে।

স্পেনের ঘরোয়া ফুটবলে বার্সেলোনার আধিপত্যও এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। ২০১৯ সালের পর থেকে মাত্র পাঁচটি লিগ ম্যাচে হেরেছে তারা। টানা সাতটি লিগ শিরোপাও জিতেছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদও সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়েছে। ২০২৬ সালে ক্যারোলিন উইয়ার, মিসা রদ্রিগেজ ও তেরেসা আবেলেইরা ক্লাব ছেড়েছেন। এর আগের বছর রিয়ালের অধিনায়ক ওলগা কারমোনা যোগ দিয়েছিলেন পিএসজিতে।

Source: https://www.dhakapost.com/sports/485904