- খেলাধুলা প্রতিবেদক
নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার। শুক্রবার সরকারের পক্ষ থেকে এই কঠোর অবস্থানের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে চাইলে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করা হবে।

ক্রীড়া উপদেষ্টা আরও জানান, তার দপ্তর থেকে এরই মধ্যে জাহানারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসিফ মাহমুদ বলেন, ‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’ তিনি ক্রীড়াঙ্গনের জন্য এমন ঘটনাকে বড় হুমকি হিসেবেও মন্তব্য করেন।
এর আগে, বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এই পেসার এক সাক্ষাৎকারে যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ সামনে আনেন। ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এদিকে জাহানারার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতির মাধ্যমে বিসিবি জানায়, একজন সাবেক নারী ক্রিকেটারের তোলা অনিয়মের অভিযোগ বোর্ড উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয় ওই বিবৃতিতে।









