
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে জাতীয় ঐক্য বিনষ্টের কারণ চিহ্নিত করে সরকারকে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডেট লাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। দলটির রাজনৈতিক ইতিহাসে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ঘটনা রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছিল। প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি আওয়ামী লীগ।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার বক্তব্য ও প্রচেষ্টাও সফল হয়নি। শেখ হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না।
জাতীয় ঐক্যের বিষয়ে সরকারের সমালোচনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, জাতীয় ঐক্যের কথা বারবার বলা হচ্ছে। কিন্তু আগে যে জাতীয় ঐক্য ছিল, তা কেন বিনষ্ট হলো, সেটিও খতিয়ে দেখতে হবে। সরকার ৩১ দফা থেকে সরে যাচ্ছে, বেগম খালেদা জিয়ার দেওয়া ওয়াদা রক্ষা করছে না, জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এমনকি নিজেদের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক অবস্থান নিয়েছে এবং গণভোটের গণরায়কেও উপেক্ষা করেছে।
তিনি বলেন, নিজেদের আত্মসমালোচনা করুন। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
ফুয়াদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নাৎসি বাহিনীকে কীভাবে আইনের আওতায় আনা হয়েছিল, তা দেখতে হবে। গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। ইতিহাসের মানদণ্ডে তাদের অপরাধের বিচার করতে হবে। এ ক্ষেত্রে এবি পার্টি সহযোগিতা করতে প্রস্তুত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলা, পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক। অথচ পুলিশ হত্যা নিয়ে আওয়ামী লীগকে মায়াকান্না করতে দেখা যায়। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সহিংসতার এসব অভিযোগের একটি ধারাবাহিকতা রয়েছে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার ও সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন দলের শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, সহসাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, নরসিংদীর সমন্বয়ক কাজল মিয়া, এবি পেশাজীবী কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Link: https://www.dhakapost.com/politics/499547








