Manab Zamin
৮ মার্চ (রবিবার), ২০২৬, ৯ঃ৪৭ (পূর্বাহ্ণ)

চলমান সংঘাতের মাত্রা ও ভয়াবহতা বজায় রেখে অন্তত আরও ছয় মাস তেহরান একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি আধা-সরকারি সংবাদসংস্থা ফারস নিউজকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির অপারেশন বজায় রেখে অন্তত আরও ৬ মাস একটি তীব্র ও উচ্চ-মাত্রার যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তিনি আরও যোগ করেন, ইরানের সামরিক প্রস্তুতি ও কৌশলগত মজুত এমনভাবে সাজানো হয়েছে যা দীর্ঘমেয়াদী যেকোনো আগ্রাসন মোকাবিলা করতে পারে।
ইরানি কমান্ডারের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলি অভিযান অত্যন্ত সফল হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করছি। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।
তবে বিশ্লেষকরা মনে করছেন, আইআরজিসি’র এই ঘোষণা ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করার নামান্তর। ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে গভীর প্রভাবশালী এই সংস্থাটি ইঙ্গিত দিচ্ছে যে, তারা সম্মুখ যুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত।
সূত্র: দ্য গার্ডিয়ান।
Source: https://www.mzamin.com/article/4610/%E0%A7%AC-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%87%E0%A6%86%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF








