মুসলমান ব্যবসায়ীর সমর্থনে এগিয়ে আসা হিন্দু যুবক ‘মুহাম্মদ দীপক’-এর নামেই এবার মামলা পুলিশের

পুলিশের মুখোমুখি দাড়িসহ ব্যক্তিই নিজের নাম বলেন ‘মুহাম্মদ দীপক’

‘মুহাম্মদ’ ইসলাম ধর্মাবলম্বীদের নামের আগে থাকে আর দীপক নামটি সাধারণত হিন্দুদের হয়। তাই মুহাম্মদ দীপক নামটা শুনে অনেকেই অবাক হচ্ছেন ভারতের সামাজিক মাধ্যমে।

এরকম নাম শুনে অবাক হয়েছিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরাও। কিন্তু নিজের ওই নামই বলছিলেন উত্তরাখন্ডের কোটদোয়ার নামে ছোট্ট এক শহরের ওই বাসিন্দা।

তিনি যেভাবে একজন মুসলমান কাপড় ব্যবসায়ীয়ের সমর্থনে এগিয়ে এসে বজরং দলের কর্মীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেই ঘটনার প্রশংসাও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকে আবার সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন, “আমার নামও মুহাম্মদ দীপক”।

কোটদোয়ারের ওই মুসলমান কাপড় ব্যবসায়ী কেন তার দোকানের নাম ‘বাবা স্কুল ড্রেস অ্যান্ড ম্যাচিং সেন্টার’ রেখেছেন, সেই প্রশ্ন তুলছিলেন বজরং দল কর্মীরা।

‘বাবা’ শব্দটি হিন্দুদের আরাধ্য দেবতা শিবকে বোঝাতে ব্যবহার করা হয়। সেই নাম কেন একজন মুসলমান ব্যবসায়ী তার দোকানে রাখবেন, সেটাই ছিল ওই হিন্দুত্ববাদীদের ক্ষোভের কারণ।

মি. দীপক বিবিসিকে বলেছেন যে, বজরং দল কর্মীদের বাধা দেওয়ার পর থেকেই তার ওপরে হামলা করতে রাজধানী দেরাদুন থেকে বজরং দলের অনেক কর্মীদের নিয়ে আসা হচ্ছে।

মুহাম্মদ দীপক আসলে কে?

সামাজিক মাধ্যমে ‘মুহাম্মদ দীপক’ নামে পরিচিত হয়ে ওঠা ওই যুবকের আসল নাম দীপক কুমার কাশ্যপ। তিনি উত্তরাখণ্ডের কোটদোয়ারে থাকেন এবং পেশায় একজন জিম প্রশিক্ষক।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক প্রবীণ মুসলমান দোকানদারের সমর্থনে বজরং দলের কর্মীদের মোকাবিলা করছেন তিনি।

Source: BBC Bangla