সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখাল পুলিশ

24 Live Newspaper

২৪ ডেস্কPublished: 15 December 2025Last Updated: 15 December 2025

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলাটি উত্তরা পশ্চিম থানায় নথিভুক্ত করা হয়েছে।

আনিস আলমগীর

পুলিশ সূত্র জানায়, রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার পর উত্তরা পশ্চিম থানায় উপস্থিত হয়ে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রহণ করা হয়।

ডিবির একজন যুগ্ম কমিশনার গণমাধ্যমকে বলেন, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম জোনের সহকারী কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নথিভুক্ত করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এর আগে রবিবার সন্ধ্যায় ধানমণ্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায়।

সাংবাদিক আনিস আলমগীর বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং সাম্প্রতিক সময়ে টকশো ও লেখালেখিতে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ায় তিনি আলোচনায় ছিলেন।