- ২৪ ডেস্ক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করার পাশাপাশি এর মালিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃত ব্যক্তির নাম আবদুল হান্নান। তাকে এরই মধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র্যাব-২ এই হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুল হান্নানকে প্রথমে আটক করে। পরবর্তীতে তাকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব ওই ব্যক্তিকে আটকের পর তাদের কাছে বুঝিয়ে দিয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারীদের মধ্যে একজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শরিফ ওসমান হাদি। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। হামলাকারীদের খুঁজে বের করতে পল্টন থানার পাশাপাশি ডিবি ও র্যাবসহ পুলিশের একাধিক ইউনিট একযোগে কাজ করছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার দুপুরের দিকে। বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন হাদি। সে সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করছিল। সুযোগ বুঝে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।









