হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

Amar Desh

স্টাফ রিপোর্টার

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

জুলাই বিপ্লবে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে এই মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য ২৬ জুলাই দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।

প্যানেলের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন সকালে এই মামলার গ্রেপ্তার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিরা হলেন— চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

এদিন শুরুতেই আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে ট্রাইব্যুনাল অভিযোগ পড়েন শোনায়। পরে বিচারক আসামিদের উদ্দেশ্য বলে, আপনারা দোষ স্বীকার করেন কিনা। তারা বলেন, আমরা নির্দোষ, আদালতের কাছে ন্যায়বিচার চাই। তখন আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

পলাতক অন্য আসামিরা হলেন— সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

Source: https://www.dailyamardesh.com/national/amdrfjuzhs90h

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here