- খেলাধুলা প্রতিবেদক
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিলো সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে, এই হারের পরও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে।

ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একাই লড়াই করেছেন সাইফ হাসান। তবে তার লড়াকু ইনিংসটিও দলের হার এড়াতে পারেনি। ৫১ বলে ৫টি ছক্কার সাহায্যে ৬৯ রান করেন সাইফ। যদিও আউট হওয়ার আগে তিনি একাধিকবার জীবন পেয়েছিলেন। পারভেজ হোসেন ২১ রান করলেও অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বাংলাদেশ ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়।
শুরুতে তানজিদ হাসান দ্রুত ফিরলেও পাওয়ার প্লে-তে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৪ রান। কিন্তু এরপরই ভারতীয় স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেন। কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরা দুর্দান্ত বোলিং করেন। কুলদীপ ১৮ রানে ৩টি এবং বুমরা ১৮ রানে ২টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩৮ ও শুভমান গিল ২৯ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ২৭ রানে ২টি এবং তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
এই ম্যাচের ফলাফলে এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে। এখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আগামীকালের ম্যাচটি অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। সেই ম্যাচে জয়ী দলই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।









