- খেলাধুলা ডেস্ক
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবল দলের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন এই তালিকায় বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের জায়গাতেই স্থির রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রবিবার (২২ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, বাংলাদেশ ১৮০তম স্থানে অবস্থান করছে। গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের পর ফিফা উইন্ডোতে আর কোনো ম্যাচ না থাকায় র্যাঙ্কিংয়ে এর কোনো প্রভাব পড়েনি।
অবস্থান অপরিবর্তিত থাকলেও রেটিং পয়েন্টে সামান্য অবনতি হয়েছে বাংলাদেশের। নভেম্বর মাসে দলের মোট পয়েন্ট ছিল ৯১১.১৯, যা ডিসেম্বরে কমে দাঁড়িয়েছে ৯১১.১০-এ। মূলত নভেম্বরের উইন্ডোতে নেপালের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচের ফলেই রেটিং পয়েন্টে এই সামান্য পরিবর্তন এসেছে।
আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ দলগুলোর অবস্থানেও কোনো রদবদল হয়নি। তালিকার এক নম্বর স্থানটি নিজেদের দখলে রেখেছে স্পেন। শীর্ষ পাঁচের বাকি দেশগুলোও তাদের আগের অবস্থানেই রয়েছে। স্পেনের পরেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর যথাক্রমে জায়গা করে নিয়েছে ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
আগামী বছর মার্চ মাসে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ওই ম্যাচের প্রস্তুতি হিসেবে একটি প্রীতি ম্যাচ খেলারও কথা রয়েছে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের।









