শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে মুশফিক

24 Live Newspaper

শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত থেকেই তাকে সাজঘরে ফিরতে হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিন শেষে এই মাইলফলক থেকে মাত্র এক রান দূরে আছেন তিনি।

মুশফিকুর রহিম

তবে দিনের শেষ ভাগে আইরিশদের খেলার গতি কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের ইনিংসের ৮৬তম ওভার চলার সময়ও দিনের খেলা প্রায় ২১ মিনিট বাকি ছিল। কিন্তু এরপর থেকেই আয়ারল্যান্ডের ক্রিকেটাররা সময়ক্ষেপণ করতে শুরু করেন বলে জানা যায়। ফলে নির্ধারিত সময়ে ৯০ ওভারের বেশি খেলা গড়ায়নি, যা মুশফিকের সেঞ্চুরির অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করে।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হকও বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ দল চেয়েছিল আরও অন্তত একটি ওভার খেলতে, যাতে মুশফিক তার শতক পূর্ণ করতে পারেন।

মুমিনুল বলেন, ‘হ্যাঁ, আমরা আরেক ওভার খেলতে চাচ্ছিলাম। এই সময় তো সবাই চাইবে। কারণ দুজনেরই মাইলফলক ছিল। একজনের ফিফটি, আরেকজনের সেঞ্চুরি। ওরা অবশ্যই স্লো করেছে। অনেক স্লো ছিল।’.

দ্বিতীয় দিন সকালে আর মাত্র এক রান যোগ করতে পারলেই মুশফিক গড়বেন অনন্য এক কীর্তি। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে তিনি তার শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করবেন। এই মুহূর্তে পুরো দেশের ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন তার এই মাইলফলকের দিকে।