মোস্তাফিজকে কেনায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

24 Live Newspaper

বলিউড তারকা শাহরুখ খানকে সরাসরি ‘গাদ্দার’ বা দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের উত্তরপ্রদেশের একজন বিজেপি নেতা। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলাম থেকে দলে ভেড়ানোর কারণে এই চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

মোস্তাফিজুর রহমান, শাহরুখ খান ও সঙ্গীত সোম

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে বড় অঙ্কের বাজি ধরেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্র্যাঞ্চাইজিটি ৯ কোটি রুপি খরচ করে দলে নিয়েছে বাংলাদেশি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে। তবে শাহরুখের মালিকানাধীন দলের এই সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি বিজেপি নেতা সঙ্গীত সোম।

শাহরুখের প্রতি তীব্র বিষোদ্গার করে সঙ্গীত সোম হুমকি দিয়ে বলেন, ‘মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। এটা আমার প্রতিজ্ঞা।’ তিনি আরও মন্তব্য করেন যে, ভারতের মানুষের ভালোবাসায় আজকের এই অবস্থানে পৌঁছে শাহরুখ এখন দেশটির সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন।

এই বিজেপি নেতার অভিযোগ, ভারত থেকে আয় করা অর্থ শাহরুখ দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করছেন। তার ভাষ্যমতে, ‘আপনি এ দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনও পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, আবার কখনও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এসব কর্মকাণ্ড ভারতে আর বরদাস্ত করা হবে না।’

শাহরুখ খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক এর আগেও তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে তাকে নানা সমালোচনার শিকার হতে হয়েছে। তবে এবারের ঘটনা এবং সরাসরি দেশদ্রোহী তকমা দেওয়ার বিষয়টি পরিস্থিতিকে বেশ উত্তপ্ত করে তুলেছে।

ক্রিকেটের মতো বিনোদনের জায়গায় রাজনীতিকে টেনে আনা এবং একজন খেলোয়াড়কে কেন্দ্র করে এমন আক্রমণাত্মক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। শাহরুখ খান বা কেকেআর কর্তৃপক্ষ এই হুমকির বিষয়ে কী প্রতিক্রিয়া জানান, এখন সেটাই দেখার বিষয়।