- খেলাধুলা ডেস্ক
ফুটবল বিশ্বকাপের আগামী আসরের প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে ‘হাইড্রেশন ব্রেকস’ বা পানি পানের বিরতি রাখার ঘোষণা দিয়েছে ফিফা। খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি ও প্রচণ্ড গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এই নিয়ম চালু করা হচ্ছে। ফলে ম্যাচের দুই অর্ধে নির্ধারিত সময়ের মধ্যে খেলা সাময়িকভাবে বন্ধ থাকবে।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আবহাওয়া বেশ উষ্ণ থাকার পূর্বাভাস রয়েছে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, রেফারি প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় খেলা থামিয়ে দেবেন। প্রতি অর্ধে তিন মিনিট করে পুরো ম্যাচে মোট ছয় মিনিটের এই বিরতি কার্যকর হবে।
মূলত কোচ এবং ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর ফলে দর্শকদের কাছে মনে হতে পারে খেলাটি চারটি ভিন্ন অংশে ভাগ হয়ে যাচ্ছে। তবে ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে এই পরিবর্তনকে জরুরি হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
এর আগে চেলসির এনজো ফের্নান্দেজ প্রচণ্ড গরমে খেলার অভিজ্ঞতা জানিয়ে বলেছিলেন, ‘একদিন তো আমার মাথা ঝিমঝিম করছিল, শুয়ে পড়েছিলাম। এত তাপের মধ্যে খেলা খুব বিপজ্জনক।’ অন্যদিকে বেনফিকা ফরোয়ার্ড আন্দ্রেস শেলডারাপও অতিরিক্ত গরমে খেলাকে অস্বাস্থ্যকর বলে মন্তব্য করেছিলেন।
খেলোয়াড়দের এমন সব শারীরিক অসুবিধার কথা মাথায় রেখেই ফিফা এই কঠোর অবস্থান নিয়েছে। চলতি বছর ক্লাব বিশ্বকাপসহ আরও কিছু প্রতিযোগিতায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে পরীক্ষামূলকভাবে এই বিরতি দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপের মূল মঞ্চেও সেই চর্চা বাধ্যতামূলক করা হলো।









