
বাংলাদেশের তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনা, চলমান অস্থিরতা এবং এর ফলে জীবন, জীবিকা ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর পড়া প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ন্যূনতম মজুরি পর্যালোচনার প্রক্রিয়া হিসেবে সরকারের গঠিত ন্যূনতম মজুরি বোর্ডকে আইএলও সাধুবাদ জানায়। মজুরি নির্ধারণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা অত্যন্ত মৌলিক বিষয়। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং লাখ লাখ শ্রমিক—বিশেষ করে নারীদের কর্মসংস্থানের এই খাতে উপযুক্ত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, টেকসই শিল্পপ্রতিষ্ঠান এবং সুষ্ঠু শিল্পসম্পর্ক নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও গঠনমূলক সামাজিক সংলাপ অপরিহার্য।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন (নম্বর ১৩১) অনুযায়ী, ন্যূনতম মজুরি এবং এর নিয়মিত সমন্বয় অবশ্যই স্বচ্ছ, তথ্যপ্রমাণ-ভিত্তিক এবং নির্ভরযোগ্য উপাত্তের আলোকে হতে হবে। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার ওপর মূল্যস্ফীতির প্রভাবসহ শ্রমিক ও তাদের পরিবারের চাহিদার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার সক্ষমতার মতো অর্থনৈতিক বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া দেশের সামগ্রিক মজুরির স্তর, সামাজিক সুরক্ষা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং সমাজের অন্যান্য গোষ্ঠীর জীবনযাত্রার মানের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
বিবৃতিতে আইএলও আরও বলেছে, মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নের জন্য পুরো সাপ্লাই চেইন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসা ও পণ্য কেনার নীতিমালা এমন একটি পরিবেশ তৈরি করে, যা শ্রমিকদের ন্যায্য মজুরি ও কাজের ভালো পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে এই খাতকে টিকিয়ে রাখে।
এমন সংকটময় সময়ে সুষ্ঠু শিল্পসম্পর্কের সহায়ক হিসেবে সংগঠনের স্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার অধিকার এবং যৌথ দরকষাকষির অধিকারের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেছে আইএলও। পাশাপাশি সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার খবরে এবং এর ফলে শ্রমিক, ব্যবসা ও শিল্পসম্পর্কের ওপর পড়া তীব্র নেতিবাচক প্রভাবে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে আইএলও, যাতে ন্যূনতম মজুরি বোর্ড তার ম্যান্ডেট অনুযায়ী একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, মজুরি নীতিমালা আরও কার্যকর করতে বাংলাদেশ সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, দক্ষতা বৃদ্ধি এবং আলোচনার মাধ্যমে সহযোগিতা দিয়ে যেতে আইএলও অঙ্গীকারবদ্ধ।
এই পরিস্থিতিতে সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষের সঙ্গে মিলে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে এবং নারী-পুরুষের সমতা বিবেচনায় রেখে একটি ‘জাতীয় মজুরি নীতিমালা’ তৈরিতে সহায়তা দিতে প্রস্তুত আইএলও। এটি মজুরি নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি শিল্প খাতকে টেকসই করবে এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবে।
Link: https://www.dhakapost.com/national/499470








