- ২৪ ডেস্ক
দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে এক শ্বাসরুদ্ধকর ফাইনাল দেখল ফুটবল বিশ্ব। খেলার ফলাফলের পাল্লা বারবার এদিক-সেদিক দুলছিল। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জয়ের হাসি হাসল মরক্কোই। ফিফা আরব কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে জর্ডানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে মোট পাঁচটি গোল হয়েছে এই ম্যাচে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করা মরক্কো এবার একই মাটিতে আরব কাপের ট্রফি উঁচিয়ে ধরল। অন্যদিকে, টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পা রেখেছিল জর্ডান। শিরোপার মঞ্চে তারা শক্তিশালী প্রতিপক্ষকে বেশ ভালোভাবেই চাপে ফেলেছিল। কিন্তু অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের।
ম্যাচের শুরুতেই জর্ডান শিবিরে আঘাত হানে মরক্কো। খেলার মাত্র চার মিনিটের মাথায় উসামা তান্নানে গোল করে দলকে এগিয়ে নেন। তবে বিরতির পর ৪৮তম মিনিটে আলী ওলোয়ানের হেডে সমতায় ফেরে জর্ডান। এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জর্ডানকে লিড এনে দেন ওলোয়ানই। জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল জর্ডান, কিন্তু নাটক তখনো বাকি ছিল।
নির্ধারিত খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট বাকি থাকতে দৃশ্যপটে আসেন আব্দেররাজ্জাক হামদাল্লাহ। তার গোলে সমতায় ফেরে মরক্কো এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নায়ক ছিলেন হামদাল্লাহ। ম্যাচের ১০০তম মিনিটে তার করা গোলেই নিশ্চিত হয় মরক্কোর জয়। সামনেই আফ্রিকান নেশনস কাপ, তার আগে এই শিরোপা জয় দলটিকে নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।









