- ২৪ ডেস্ক
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয় বলে জানা গেছে। প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনেটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা।
জানা গেছে, প্রণয় ভার্মাকে ডেকে ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশর অবস্থান তুলে ধরা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে। দেশটির ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও এ সময় উপস্থিত ছিলেন।
ভারত-বাংলাদেশের সম্পর্কে সংকটের দিকে ধাবিত হচ্ছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ঢাকায় কর্মকর্তারা বলছেন, গত কয়েক দিনে ভারতে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনা ঘটেছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে। এমনকি হাইকমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেমনে করছেন কর্মকর্তারা।
জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। বিশেষ করে আসামে ও কলকাতায় বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করেছে। সোমবারও কলকাতায় উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছে একটি সংগঠনের কর্মীরা। ভাংচুর হয়েছে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারেও। এ ছাড়া আসামের ৫০টিরও বেশি জায়গায় ওই একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে ‘বাঙালি পরিষদ, আসাম’। প্রতিটা কর্মসূচিতেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ানো হয়।
এর আগে শনিবার রাতে ভারতের দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে ‘হিন্দু চরমপন্থীদের’ একটি দল। এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারের পর এই প্রচারকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু এই বিবৃতি প্রত্যাখ্যান করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।









