- ২৪ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যেখানে তার অবস্থা বেশ সংকটজনক। শুক্রবার রাতে দেওয়া পোস্টে তারেক রহমান জানান, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তারেক রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন যে, ড. ইউনূস নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতির বিষয়ে খোঁজখবর রাখছেন। একইসঙ্গে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূসের বিবৃতির একটি অংশ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পোস্টের শেষে তারেক রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতিতে যে সৌজন্য এবং মানবিক অনুভূতি প্রতিফলিত হয়েছে, তার জন্য তিনি প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।









