আনু মুহাম্মদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০১ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫২
| প্রিন্ট সংস্করণ
গত মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে এক সংহতি সমাবেশে এসব কথা বলেন আনু মুহাম্মদ। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এবং বন্দর শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে গণতান্ত্রিক অধিকার কমিটি এ সমাবেশের আয়োজন করে।
তাঁর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের এমন কোনো এখতিয়ার নেই– তারা এমন চুক্তি করবে, যার ফলে বাংলাদেশ আগামী ৩০ থেকে ৬০ বছরের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও ভূ-কৌশলগতভাবে বাঁধা পড়ে যাবে। তবু সরকার জোরজবরদস্তি ও তড়িঘড়ি করে এ চুক্তি করতে যাচ্ছে।
আনু মুহাম্মদ বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের প্রথম দায়িত্ব হবে– অন্তর্বর্তী সরকার কেন এবং কীসের বিনিময়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো করেছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা। পাশাপাশি এসব সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা।
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অনিয়ম, অস্বচ্ছতা ও জনস্বার্থ উপেক্ষার অভিযোগ তুলে তিনি বলেন, বিদেশি কোম্পানির হাতে এনসিটি তুলে দিলে বন্দর থেকে সরকারের আয় ও মাশুল কমে যাবে। এই ক্ষতি পুষিয়ে নিতে সম্প্রতি বিভিন্ন পণ্যের ওপর মাশুল বাড়ানো হয়েছে। যার ফলে আমদানি ব্যয় ও রপ্তানি খরচ বেড়েছে। এতে পুরো অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে।
চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি এই বন্দর দিয়েই হয়। সেই বন্দর যদি বিদেশি একটি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে বাংলাদেশ কার্যত একটি বিদেশি শক্তির কাছে জিম্মি হয়ে পড়বে। এতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে।
জাতীয় নির্বাচনের ঠিক আগে এই চুক্তি করতে সরকারের তাড়াহুড়োর কারণ নিয়েও প্রশ্ন তোলেন আনু মুহাম্মদ। তিনি বলেন, শ্রমিক, বিশেষজ্ঞ এমনকি বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরাও যখন এই চুক্তির বিরোধিতা করছেন, তখন প্রশ্ন ওঠে–কার স্বার্থে এই চুক্তি করা হচ্ছে?
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, অধিকার কমিটির সদস্য মাহতাব উদ্দীনসহ অন্য বক্তারা। তারা এই চুক্তিকে অগণতান্ত্রিক ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্দোলনরত বন্দর শ্রমিকদের প্রতি পূর্ণ সংহতি জানান।
Source: https://samakal.com/bangladesh/article/336766/%E0%A6%9A%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%9B%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87









