- খেলাধুলা ডেস্ক
ভারতে অবস্থানকালে তিন দিনে চারটি ভিন্ন শহর ভ্রমণ করেছেন লিওনেল মেসি। বিশ্বসেরা এই তারকাকে একনজর দেখার পাশাপাশি তার পায়ের জাদু দেখার অপেক্ষায় ছিলেন কোটি কোটি ভক্ত। কিন্তু টানা ভ্রমণ এবং বেশ কিছু প্রদর্শনীমূলক ইভেন্টে অংশ নিলেও তিনি মাঠে নামেননি। মূলত বিশাল অঙ্কের আর্থিক ঝুঁকির কারণেই এবার ফুটবল পায়ে দেখা যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, মেসির জাদুকরী বাঁ পায়ের বিমা করানো রয়েছে, যার বর্তমান মূল্য প্রায় ৯০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ হাজার কোটি টাকা। বিমার কঠোর শর্ত অনুযায়ী, শুধুমাত্র জাতীয় দল আর্জেন্টিনা অথবা তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেলেই চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে বিমা কোম্পানি।
বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের মধ্যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের বিমা করানোর প্রচলন রয়েছে। খেলোয়াড়ি জীবনে বড় কোনো চোট বা দুর্ঘটনার কারণে ক্যারিয়ার হুমকিতে পড়লে যাতে দ্রুত উন্নত চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই তারা চোটের ধরন অনুযায়ী এমন বিমা করিয়ে থাকেন। তবে বিমার শর্ত লঙ্ঘন করলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা থাকে, যা মেসি এড়াতে চেয়েছেন।
প্রদর্শনী ম্যাচে খেলতে গিয়ে যদি বাঁ পায়ে কোনো আঘাত লাগে, তবে বিমা সংস্থা কোনো ক্ষতিপূরণ বা চিকিৎসার খরচ দেবে না। এই ঝুঁকি এড়াতেই ভারত সফরে এসে কোনো প্রদর্শনী ম্যাচে অংশ নিতে রাজি হননি এলএমটেন। তাছাড়া আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার নির্ধারিত সূচির বাইরে অন্য কোনো ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকার বাঁ পায়ের কদর সবার কাছেই আলাদা। এমনকি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও একবার অকপটে স্বীকার করেছিলেন যে, তিনি মেসির বাঁ পা পেতে চান। ২০১১ সালে আর্জেন্টিনা দলের হয়ে কলকাতা সফরে এসে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেললেও, এবার বিমার শর্ত ও বিশ্বকাপের সতর্কতার কারণে ভক্তদের নিরাশ হতে হয়েছে।









