আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন কামনা করেন।

যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও আসন্ন সাধারণ নির্বাচন সফলতার সঙ্গে সম্পন্ন করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, কমনওয়েলথ এ প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখবে।

ড. ইউনূস কমনওয়েলথের গভীর আগ্রহের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো একটি অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজন।

জবাবে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী রূপান্তর প্রক্রিয়ায় কমনওয়েলথ পূর্ণ সমর্থন দিয়ে যাবে।

তিনি বলেন, বিশ্বের ৫৬টি কমনওয়েলথ সদস্যদেশ, যার মধ্যে জি-৭ ও জি-২০ এর সদস্যরাও রয়েছে, পরস্পরের সক্ষমতা বাড়াতে সম্পদ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ, এবং বাংলাদেশও এ সহযোগিতার সুফল পাবে।

এ সময় মহাসচিব জানান, তিনি ইতোমধ্যে দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে কমনওয়েলথ একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, নতুন উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব ও বৈষম্য হ্রাসে ‘তিন-শূন্য ভিশন’ বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন।