- ২৪ ডেস্ক
ইনকিলাব মঞ্চ তাদের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে সংগঠনটি চার দফা নতুন দাবি পেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।

নতুন কর্মসূচি অনুযায়ী, সোমবার দুপুর ২টায় দেশের সকল বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঢাকার শাহবাগে (শহীদ হাদি চত্বর) সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী এবং পলায়নে সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।’
সংগঠনটির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত পুরো চক্রের বিচার ২৪ দিনের মধ্যে নিশ্চিত করা; বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা; ভারত যদি তাদের দেশে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা। এছাড়া চতুর্থ দাবিতে বলা হয়েছে, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
এর আগে রবিবার দুপুর ২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন মঞ্চের কর্মীরা। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও পুরোপুরি বন্ধ হয়নি। সংযোগ সড়কগুলো খোলা থাকায় ধীরগতিতে গাড়ি চলাচল অব্যাহত ছিল। পরে নতুন ঘোষণা আসার পর তারা সেদিনের মতো রাজপথ ত্যাগ করেন এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। উল্লেখ্য, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি।
আব্দুল্লাহ আল জাবের স্পষ্ট করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম থামবে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই এসব দাবি বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। জাবের বলেন, ‘এই লড়াই কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।’









