হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিলো ইরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিলো ইরান
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড।

ইরানের রাজধানী তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ভল এ তথ্য জানিয়েছেন।

এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যেকোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানিয়েছে ইরানের সামরিক কমান্ড।

ইরানে হামলার আগে ট্রাম্প বলেন, ‘গতকাল আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজও একইভাবে আঘাত করব।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের নেতারা একটি সমঝোতায় পৌঁছাতে অতিরিক্ত সময় নিচ্ছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘যেকোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানান, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলা চালানো হবে। তার ভাষায়, ‘ইরানকে সমঝোতার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগায়নি।’

ট্রাম্পের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা শুরু হয়।

ট্রাম্পের নির্দেশনায় ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক হালনাগাদ বার্তায় সেন্টকম জানায়, সেন্টকমের বাহিনী ইরানজুড়ে সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এই হামলা চালিয়েছে।

বার্তায় আরো বলা হয়, মার্কিন বাহিনী ইরানের এমন কিছু লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট গোলাবারুদ নিক্ষেপ করেছে, যা এ অঞ্চলের সমুদ্রপথে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন বাহিনীর জন্য হুমকি তৈরি করেছিল। ইরানের ‘অযাচিত ও অব্যাহত আগ্রাসনের’ জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সেন্টকম উল্লেখ করেছে।

বার্তার শেষাংশে বলা হয়, ‘মার্কিন বাহিনী সতর্ক, মারাত্মক এবং প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য কার্যকর হওয়ার কথা ছিল। তবে এরপরও দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আল-জাজিরা

Source: https://www.dailyamardesh.com/world/middle-east/amdb39jarsypf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here