- আন্তর্জাতিক ডেস্ক
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এর আগে অক্টোবরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ছাড়া পাওয়ার মাত্র ১২ দিন পর না ফেরার দেশে চলে গেলেন এই বর্ষীয়ান অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর তার ৯০ তম জন্মদিন পালন করার কথা ছিল।
১৯৬০ সালে দিল ভি তেরা হুম ভি তেরে চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন ধর্মেন্দ্র। ষাটের দশকে বন্দিনী, অন্যপধ, অনুপমা, আয়া সাওয়ান ঝুমকে- এর মতো সিনেমায় সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। পরে তিনি বলিউডের প্রধান নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান এবং শোলে, ধর্ম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্লসহ বহু কালজয়ী ছবিতে অভিনয় করেন।
সাম্প্রতিক সময়ে তাকে দেখা গেছে তেরি বাতোঁ মেঁ আইসা উলঝা জিয়া ছবিতে, যেখানে শহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনয় করেছেন। তার অভিনীত শেষ সিনেমা ইক্কিস, যেখানে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে ২৫ ডিসেম্বর।
ভারতীয় চলচ্চিত্রে প্রায় ছয় দশকের ক্যারিয়ার, অ্যাকশন-হিরো ইমেজ, অনন্য রোমান্টিক উপস্থিতি এবং দর্শকপ্রিয় অসংখ্য চরিত্রের মাধ্যমে ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র চিরস্মরণীয় হয়ে থাকবেন সিনেপ্রেমীদের কাছে









