শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রোটিয়াদের হারাল পাকিস্তান

24 Live Newspaper

শেষ দুই বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফয়সালাবাদে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

মোহাম্মদ রিজওয়ান

রান তাড়া করতে নেমে সাইম আইয়ুব ও ফখর জামান ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়ে দুর্দান্ত সূচনা এনে দেন। সাইম ৩৯ ও ফখর ৪৫ রান করে আউট হন। এরপর বাবর আজম মাত্র ৭ রানে ফিরলে কিছুটা চাপ বাড়লেও মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ৯১ রানের জুটিতে জয়ের ভিত গড়ে পাকিস্তান। সালমান ৬২ এবং রিজওয়ান ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

তবে রিজওয়ান ৩৯তম ওভারে আউট হলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এক পর্যায়ে ৪৮তম ওভারে ২৫২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। জয়ের জন্য শেষদিকে প্রয়োজন ছিল ১২ রান। মোহাম্মদ নওয়াজ ৯ রান করে জয় প্রায় নিশ্চিত করলেও শেষ ওভারের তৃতীয় বলে আউট হয়ে নাটকীয়তা বাড়ান। শেষ পর্যন্ত শাহিন আফ্রিদি (৪) ও নাসিম শাহ (০) অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল অসাধারণ। কুইন্টন ডি কক এবং লুয়ান দ্রে প্রিটোরিয়াসের উদ্বোধনী জুটিতে আসে ৯৮ রান। ডি কক ৭১ বলে ৬৩ ও প্রিটোরিয়াস ৬০ বলে ৫৭ রান করেন।

শক্তিশালী সূচনার পরও পাকিস্তানি বোলারদের দাপটে প্রোটিয়াদের ইনিংস ৪৯.১ ওভারে ২৬৩ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক ম্যাথিউ ব্রিটজ (৪২) ও সিনেথেম্বা কেশিলে (২২) প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষদিকে করবিন বশের ৪০ বলে ৪১ রানের ইনিংসে সফরকারীদের স্কোর আড়াইশ পার হয়।

পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ও নাসিম শাহ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট শিকার করেন সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকার পক্ষে করবিন বশ, ডোনোভান ফেরেইরা ও লুঙ্গি এনগিডি দুটি করে উইকেট লাভ করেন।