
কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধি দল এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ দেখেছেন, তাতে তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বৈঠকে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ৭ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।
আসিফ নজরুল বলেন, কমনওয়েলথ-এর নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে জানতে চেয়েছেন।
আইন উপদেষ্টা বলেন, “নির্বাচন আরো ‘ইনক্লুসিভ’ করা যেত কি না— প্রতিনিধি দলের এমন প্রশ্নের জবাবে আমি তাদেরকে জানিয়েছি, ‘আওয়ালীগ যেভাবে গণহত্যা করেছে, ভারতে বসে যেভাবে হুমকি দিচ্ছে, তাদের কাউকেও অনুশোচনা করতে দেখিনি। তারা কোনভাবে সংস্কারের পক্ষে অন্তভুক্ত হতে পারে না। তাই নির্বাচনে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।'”
আসিফ নজরুল বলেন, “সংখ্যালঘু ও নারীদের ভোট দেওয়া নিয়ে তারা জানতে চেয়েছেন। তাদের বলেছি, বহুবছর পরে একটা ভালো নির্বাচন হচ্ছে বাংলাদেশে। এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বাড়বে। সংখ্যালঘুরাও অবাধে ভোট দিবে।”
উপদেষ্টা বলেন, “তাদেরকে জানিয়েছি, অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার সম্ভব ছিলো সেগুলোর বেশিরভাগই করেছি। সংবিধান পরিবর্তন করতে হবে এমন সংস্কারের ক্ষেত্রে নির্বাচিত সরকার কাজ করবে।’
সাংবাদিকদের সাথে আলাপকালে গণভোটে ‘হ্যাঁ’ জিতবে বলে আশা প্রকাশ করেছেন আসিফ নজরুল।
Source: https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-451536








