সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরে তারা আবারও শাহবাগে জড়ো হন।

আজ শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, আন্দোলনকারীরা আমাদের কাছে ৫ মিনিট সময় চেয়েছেন। তারা এখানে একটি সংবাদ সম্মেলন করে শাহবাগ ছেড়ে চলে যাবেন। এ জন্য আমরা শাহবাগ ছেড়ে দিচ্ছি।

এর আগে দুপুরে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন।

এর প্রতিবাদে বিকেলে শাহবাগ অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।