- ২৪ ডেস্ক
ব্যাংক কর্মকর্তাদের জন্য উৎসাহ বোনাস পাওয়ার শর্ত আরও কঠিন করে দেওয়া হয়েছে। এখন থেকে কর পরিশোধ ও প্রয়োজনীয় সঞ্চিতি বা প্রভিশন রাখার পর যদি নিট মুনাফা না থাকে, তবে কোনো ব্যাংকই তাদের কর্মীদের আর উৎসাহ বোনাস দিতে পারবে না। এমনকি ব্যাংকের পুঞ্জীভূত মুনাফা ব্যবহার করেও এই বোনাস দেওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আনরিয়ালাইজড বা নগদায়ন হয়নি এমন আয়ের ওপর ভিত্তি করে বোনাস দেওয়াটা আর্থিক শৃঙ্খলা ও সুশাসনের পরিপন্থী। তাই ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, কোনো ব্যাংকের যদি মূলধন বা প্রভিশন ঘাটতি থাকে, তবে তারা বোনাস দিতে পারবে না। যেসব ব্যাংক প্রভিশন সংরক্ষণের জন্য বাড়তি সময় বা ডেফারেল সুবিধা পেয়েছে, তারাও ওই সুবিধাকালীন সময়ে বোনাস প্রদানের যোগ্য বলে বিবেচিত হবে না। তবে খেলাপি ঋণ আদায়ে দৃশ্যমান সাফল্য এবং বিভিন্ন কর্মসূচির উন্নতির ওপর ভিত্তি করে বোনাসের বিষয়টি বিবেচনা করা হবে।
রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও সরকারের বিদ্যমান নীতিমালা কার্যকর থাকবে। সেখানেও উল্লেখ রয়েছে যে নিট মুনাফা ছাড়া বোনাস দেওয়া যাবে না। তবে কোনো সরকারি ব্যাংক যদি নির্দিষ্ট সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারে, তবে তারা বিশেষ বোনাসের অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করার সুযোগ পাবে।









