Published : 07 Jun 2026, 12:12 AM

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার কাজ দেওয়ার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উন্নয়ন-১ অধিশাখা থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অন্য একটি চিঠিতে আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর (আইটিও) নিয়োগের জন্য ডিপি ওয়ার্ল্ডের সাথে ‘চলমান নেগোসিয়েশন’ নিয়ে আরেকটি নির্দেশনা দেওয়া হয়।
তাতে দুবাইভিত্তিক এ কোম্পানির সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া অথবা ‘এগিয়ে নিতে ইচ্ছুক না হলে এ প্রক্রিয়া বাতিল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের’ নির্দেশনা ছিল।
প্রথম এই চিঠি পাওয়ার পর বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। তখন দ্বিতীয় চিঠিটিতে আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দেওয়া দ্বিতীয় চিঠিতে বলা হয়, প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করতে নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে ৪ জুন সভা হয়।
সভার “আলোচনা মোতাবেক উক্ত প্রকল্পের আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর (আইটিও) নিয়োগের লক্ষ্যে ‘নেগোসিয়েশন’ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
বিগত অর্ন্তবর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে এনসিটি পরিচালনা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার আলোচনা জোরেশোরে শুরু হয়। সেসময় বন্দরের শ্রমিক-কর্মচারীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনও করেন। এরপর এ বিষয়ে আর তেমন আলোচনা শোনা যায়নি।
এরমধ্যে বৃহস্পতিবার আবার মন্ত্রণালয়ের নির্দেশনার পর এনসিটি পরিচালনার কাজ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়টি আলোচনায় এলো।
এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয়। আলোচনা আগেও চলছিল।”
একইদিনে দুটি চিঠি দেয়ার বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেন, “মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটি চিঠি দিয়েছিল বন্দরের এনসিটি এবং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ডে (ওসিওয়াই) টার্মিনাল অপারেটর নিয়োগের কার্যক্রম অগ্রসর বিষয়ে মতামত দিয়ে। পিপিপি অথরিটির সেই চিঠির পরিপ্রেক্ষিতে বন্দরকে প্রথম চিঠিটি দেওয়া হয়।
“বন্দর কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারেনি। তারা মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছিল। তাই দ্বিতীয় চিঠিটিতে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি, আলোচনা আগে থেকেই চলছিল।”
চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই এ অপারেটর নিয়োগের কার্যক্রম মূলত পিপিপি অথরিটির অধীনে হবে জানিয়ে জাকারিয়া বলেন, “আমরা শুধু ইনিশিয়েট করছি। বড় ভূমিকা পালন করছে পিপিপি অথরিটি।”
এনসিটি পরিচালনায় অপারেটর নিয়োগের আলোচনা এগিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ মূল্যায়ন কমিটি গঠন করেছে কিনা জানতে চাইলে সচিব বলেন, “একটি মূল্যায়ন কমিটি আগে থেকেই ছিল।”
চট্টগ্রাম বন্দরের চালু থাকা চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সবচেয়ে বড়। গত বছর চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং হওয়া কন্টেইনারের ৪৪ শতাংশ হয় এনসিটিতে।
২০২৪ সালের ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনা দায়িত্ব নেয় বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত কোম্পানি চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। এরপর থেকে এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং ধারাবাহিকভাবে বাড়ছে।
সবশেষ মে মাসে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারকে একক হিসেবে ধরে) কন্টেইনার হ্যান্ডলিং হয়, যা এনসিটিতে এক মাসের হিসাবে সর্বোচ্চ।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং গর্ভমেন্ট টু গর্ভমেন্ট (জিটুজি) কাঠামোর অধীনে এনসিটি পরিচালনার কাজ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছিল।
সেসময় ওই উদ্যোগ পরিণতি না পেলেও অর্ন্তবর্তী সরকারের মেয়াদে আবার এই প্রক্রিয়া গতিশীল হয়। অর্ন্তবর্তী সরকারের শেষ সময়ে এ বিষয়ে চুক্তি হয়ে যাওয়ার জোর আলোচনা শুরু হলে আন্দোলনে যায় বন্দরের শ্রমিক কর্মচারীরা।
সবশেষ চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এনসিটিতে বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয় অর্ন্তবর্তী সরকার।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৮ এপ্রিল বাংলাদেশ-দুবাই যৌথ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্ল্যাটফর্মের সভায় আবার বিষয়টি আলোচনায় আসে।
সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ অনুসারে, ওই সভায় এনসিটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) যুক্ত করে সমন্বিত টার্মিনাল হিসেবে পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড।
এরপর এপ্রিলের শেষদিকে ডিপি ওয়ার্ল্ডের ওই প্রস্তাবের পিপিপি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে মতামত জানতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরমধ্যে বন্দর কর্র্তপক্ষকে একই দিনে দুটি চিঠি দিল নৌপরিবহন মন্ত্রণালয়।
Source: https://bangla.bdnews24.com/ctg/230936125cee








