‘জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন’

‘জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন’
ছবি: প্রথম আলো

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘উনি দেশে আসতে চাচ্ছেন তো। জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, আসেন, কীভাবে আসবেন।’

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনার মন্ত্রী-মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে, ফ্যাসিবাদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশনের (অংশগ্রহণমূলক নির্বাচন) মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি ২৪-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেন, জনগণ তা মেনে নেবে না।’

আজ শনিবার বিকেলে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলেনি উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা কীভাবে বলেন, এত জুলাইয়ের বক্তৃতার দরকার কী? অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তাঁরা এমপি–মন্ত্রী হতে পারতেন না।’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। ১ আগস্ট ২০২৬
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। ১ আগস্ট ২০২৬ছবি: জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সৌজন্যে

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। ৮৪টি সংস্কার সম্পন্ন করুন। সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক, সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। ৭০ ভাগ লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে।’

সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের কারণে বিকেল সাড়ে চারটা থেকে দুই ঘণ্টা মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না

একই দাবিতে আজ বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন দলের নায়েবে আমির ও সংসদ সদস্য মুজিবুর রহমান।

গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করার পর বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না বলে মন্তব্য করেন মুজিবুর রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক দল হলো ওই দল, যে দল জনগণের মতামত মেনে নেয়। কিন্তু বিএনপি জনগণের মতামত উপেক্ষা করে একটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে।

সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংসদের লড়াই রাজপথে চলে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। উভয় সমাবেশেই দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অন্য নেতারা বক্তব্য দেন।

Source: https://www.prothomalo.com/politics/c8db44on7g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here