পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য স্বস্তির খবর

Bangla Telegraph

২৩ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

5 Banks logo

সংকটাপন্ন পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা তাদের মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন।

বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যক্তি (অ-প্রাতিষ্ঠানিক) আমানতের ক্ষেত্রে ব্যাংক রেট অনুযায়ী এই মুনাফা পরিশোধ বাধ্যতামূলক হবে।

এর আগে দেওয়া নির্দেশনায় উক্ত সময়ের জন্য কোনো মুনাফা না দেওয়ার কথা বলা হয়েছিল। তবে আমানতকারীদের অসুবিধা বিবেচনা করে এবং নতুন ব্যাংকটির দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে।

উল্লেখ্য, ‘ব্যাংক রেজ্যুলেশন স্কিম ২০২৫’-এর আওতায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠিত হয়। গত ১ ডিসেম্বর এই নতুন ব্যাংককে আনুষ্ঠানিক লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।

রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার সরাসরি ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ২৮ ডিসেম্বরের আমানত স্থিতিকে ভিত্তি ধরে হিসাব পুনর্নির্ধারণ এবং আমানতের ওপর ‘হেয়ারকাট’ প্রযোজ্য করার কথা ছিল। এতে আমানতকারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং বিভিন্ন শাখায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতির চাপে কয়েকটি শাখা সাময়িকভাবে বন্ধও হয়ে যায়।

এই প্রতিবাদ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্ত বাতিল করে আমানতকারীদের জন্য মুনাফা প্রদানের নতুন নির্দেশনা জারি করল।

Source: https://www.banglatelegraph.com/article/175574