- খেলাধুলা ডেস্ক
সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে লস ব্লাঙ্কোস। দলের হয়ে একটি করে গোল করেছেন জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে। নিজের ২৭তম জন্মদিনে গোল করে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন ফরাসি তারকা এমবাপ্পে।

ঘরের মাঠে জাবি আলোনসোর শিষ্যরা শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল। ৫৬ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে ১৮টি শট নেয় রিয়াল, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেভিয়ার ১৪টি শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ম্যাচের পঞ্চম মিনিটেই ফ্রান গার্সিয়ার শট রুখে দেন সেভিয়ার গোলরক্ষক। এরপর সফরকারীরাও গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল, কিন্তু গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন প্রতিপক্ষ ফুটবলার।
ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। রদ্রিগো গোয়েসের নেওয়া ফ্রি-কিক থেকে বক্সে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে গোল করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। প্রথমার্ধের বিরতির ৭ মিনিট আগে পাওয়া এই লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে আইজ্যাক রোমেরোর শট রুখে দিয়ে রিয়ালের ত্রাতা হয়ে দাঁড়ান কোর্তোয়া। তবে ৬৮ মিনিটে বড় ধাক্কা খায় সেভিয়া। বেলিংহামকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার মার্কাও টেক্সেইরাকে, ফলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
খেলার ৮৬ মিনিটে ডি-বক্সে রদ্রিগোকে বাজেভাবে ফাউল করেন হুয়ানলু সানচেজ, এতে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। লা লিগায় এটি তার ১৮তম গোল। একই সঙ্গে তিনি স্পর্শ করেন তার আইডল রোনালদোর রেকর্ড। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে এক বছরে ৫৯ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোলসংখ্যাও এখন ৫৯। গোল করার পর রোনালদোর বিখ্যাত ‘সিউ’ কায়দায় উদযাপন করেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড।
মাদ্রিদ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আজ বিশেষ দিন, কারণ আজ আমার জন্মদিন। আমি সবসময়ই বলেছি, জন্মদিনে রিয়াল মাদ্রিদের হয়ে—আমার স্বপ্নের ক্লাবে—খেলার সুযোগ পাওয়া আমার জন্য স্বপ্নের মতো। বছরটা ইতিবাচক ফল দিয়ে শেষ করাই ছিল লক্ষ্য, আর এই রেকর্ড অবিশ্বাস্য। ক্রিশ্চিয়ানোর মতো করা, যিনি আমার আইডল। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং বিশ্বমানের এক মহান তারকা। এটা আমার জন্য সম্মানের।’
ম্যাচের শেষদিকে বেলিংহাম ফাউলের শিকার হলে রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর চেক করে সিদ্ধান্ত বাতিল করা হয়। ফলে রোনালদোর রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হয় এমবাপ্পের। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।









