- খেলাধুলা প্রতিবেদক
কুড়ি ওভারের ক্রিকেটে যেখানে সেঞ্চুরি করাই অনেক ব্যাটারের স্বপ্ন, সেখানে দ্বিশতক হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অবিশ্বাস্য এক ইনিংসে মাত্র ৮১ বল মোকাবেলা করে তিনি অপরাজিত থাকেন ২২৯ রানে। তাঁর ব্যাট থেকে আসে ১৪টি চার ও ২৩টি ছক্কা।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন এডওয়ার্ডস। টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেনজো গ্রুপ শিল্ডের খেলায় প্রতিপক্ষ উইলিয়ামস ল্যান্ডিংয়ের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন এই ডাচ ব্যাটার। স্ট্রাইক রেট ছিল ২৮২.৭১।
ম্যাচটি স্বীকৃত টি-টোয়েন্টি হলে ক্রিস গেইলের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তেন এডওয়ার্ডস। ২০১৩ সালে গেইলের করা ১৭৫ রানই এখন পর্যন্ত এই ফরম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ। তবে গ্রেড ক্রিকেট হওয়ায় এডওয়ার্ডসের এই ২২৯ রানের ইনিংসটি আনুষ্ঠানিক রেকর্ডের পাতায় স্থান পাবে না। উল্লেখ্য, স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৯৯ রান এবং কোনো ফরম্যাটেই তাঁর সেঞ্চুরি নেই।
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন এডওয়ার্ডস। প্রথম ওভারে ১১ রান তোলার পর মাত্র ২৩ বলেই স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। প্রিন্স চৌহানের এক ওভারে মারেন তিনটি চার। এরপর সময় গড়ানোর সাথে সাথে তাঁর ব্যাট আরও চওড়া হতে থাকে।
ওপেনিংয়ে সাবেক মেলবোর্ন স্টার্স খেলোয়াড় লালচান বাঙ্গসের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তিনি। ১১তম ওভারে দলীয় ১৫০ রানের মাথায় বাঙ্গস বিদায় নেওয়ার সামান্য পরেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এডওয়ার্ডস। এরপর ১৭তম ওভারে পৌঁছে যান ১৫০ রানে।
ম্যাচের শেষ চার ওভারে প্রতিপক্ষের বোলারদের ওপর দিয়ে আসল ঝড়টি বয়ে যায়। এই সময়ে তিনি ১৪টি বাউন্ডারি হাঁকান, যার মধ্যে ১২টিই ছিল ছক্কা। ১৬তম ওভারে দলের রান ছিল ২ উইকেটে ২১২। কিন্তু এডওয়ার্ডসের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রানের পাহাড়সম পুঁজি পায় অ্যাল্টোনা।









