- ২৪ ডেস্ক
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক মাদকবিরোধী অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জিমখানা লেকপার্ক এলাকায় এই অভিযান চলে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গাঁজা রাখা ও সেবনের দায়ে পাঁচজনকে সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে দেওভোগ পাক্কা রোড এলাকার জুবায়ের ভূঁইয়া রানাকে ২০ দিন, জল্লারপাড় এলাকার মো. মোস্তফা হোসেনকে ১৪ দিন, নতুন জিমখানা এলাকার মো. ফয়সাল ও জল্লারপাড়ের রিফাতকে ১২ দিন করে এবং ডালপট্টি এলাকার অভিনন্দীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে আলম চাঁন, পারভীন আক্তার ও আফরিনা ওরফে হাসি নামে তিনজনকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পুলিশ জানায়, চিহ্নিত মাদক কারবারি আলম চাঁনের বাড়ি থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি চাপাতি, একটি টেঁটা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই সদর থানায় মাদকের ১০টি মামলা রয়েছে। এছাড়া, পারভীন আক্তারের কাছ থেকে ২৪ পিস এবং হাসির কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আটক ২৪ জনের মধ্যে ১৬ জনকে যাচাই-বাছাইয়ের জন্য সদর মডেল থানায় পাঠানো হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।
অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Source: https://www.bangla.24livenewspaper.com/post-143681









