
আলেমদের কটাক্ষ এবং হুমকি দিয়ে বক্তব্য রাখায় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে বরখাস্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে এসপির সাম্প্রতিক এক বক্তব্যের নিন্দা জানিয়ে হেফাজতের এই নেতা বলেন, কুষ্টিয়ার এসপির তথাকথিত মৌলবাদের ধোঁয়া তুলে হাত ভেঙে দেওয়ার হুমকি সরকারি পোশাকে গণবিরোধী মাস্তানি। মূর্তি ভাঙার মতো স্যাবোটাজ ঘটিয়ে আলেম-ওলামার ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চলছে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী বা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত। বিচার করা বা শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব নয়।
তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব অপরাধ ঠেকানো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে বিচারপ্রক্রিয়ায় পাঠানো। কিন্তু পুলিশ কোনো অপরাধীর হাত ভেঙে দিতে পারে না, কিংবা কোনো অপরাধীকে বিনা বিচারে জেল খাটাতেও পারে না। সরকারের কাছে আমরা অবিলম্বে ওই এসপিকে বরখাস্ত করার আহ্বান জানাই।
প্রসঙ্গত, কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সম্প্রতি আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তৃতা দেন পুলিশ সুপার তানভীর আরাফাত।
এ সময় তিনি হেফাজতকে উদ্দেশ্য করে বলেন, যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন তুলছে, তাদের জন্য তিনটি অপশন দেয়া যেতে পারে। এক, উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই, একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। তিন, আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো টু ইউর পেয়ারে পাকিস্তান।








