Manabzamin

চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দীন (৫৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে মাত্র ৪৩ ঘণ্টার ব্যবধানে এই জনপদে বিএনপির দুইজন কর্মী খুন হলেন। এরআগে গত শুক্রবার মধ্যরাতে কাউসারুজ্জামান বাবলু নামে বিএনপি আরও এক কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন নাছির উদ্দিন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত নাছির উদ্দীন ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। নাছির স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে নাছিরের বাড়ির পাশ থেকে গুলির শব্দ শুনে ছুটে যান আশপাশের লোকজন। সেখানে গিয়ে নাছিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে রাউজান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।’
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুইদিন আগে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার যোগসাজশ আছে কি-না সেটিও খতিয়ে দেখছি।’
প্রসঙ্গত, গত ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে এপর্যন্ত রাউজানে এক বছর আট মাসে ২২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১৬টিই রাজনৈতিক বিরোধ থেকে সংগঠিত হয়েছে। নিহতদের প্রায় সবাই বিএনপির নেতাকর্মী।
Source: https://www.mzamin.com/article/13252/%E0%A7%AA%E0%A7%A9-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8








