হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার

24 Live Newspaper

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। হামলাকারীরা পুলিশের নজরদারির মধ্যেই রয়েছে এবং তাদের গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

শেখ মো. সাজ্জাত আলী

ডিএমপি কমিশনার জানান, পুলিশ অপরাধীদের শনাক্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, ‘উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।’ ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্টের কাছে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত ওসমান হাদির ওপর অতর্কিত গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ ওসমানের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান জানান, অস্ত্রোপচারের সময় রোগীর দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এছাড়া নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তিনি বলেন, ‘রোগীর ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে তিনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।’

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘটনাকে অন্তর্বর্তী সরকারের সময়ে অন্যতম উদ্বেগজনক বিষয় হিসেবে অভিহিত করেছেন। প্রধান উপদেষ্টার মতে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর একটি সুপরিকল্পিত আঘাত এবং এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখিয়েছে।

ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) সন্দেহভাজনদের গ্রেপ্তারে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান ও তল্লাশি চালাচ্ছে। তদন্তের স্বার্থে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।