- ২৪ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে রাজধানী ঢাকা, এর পার্শ্ববর্তী জেলা এবং সিলেটে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে অন্তত ৪২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য মো. শাহাদাত হোসেন, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খান জাহান আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. মশিউর রহমান, খুলনা জেলা আওয়ামী লীগের নেতা কাজী ফয়েজ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের নেতা আলিম আল তারিফ এবং মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত তেজগাঁও, খিলগাঁও, আগারগাঁও, বসুন্ধরা, ডেমরা ও লালবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এদিকে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে মশাল মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, শংকর এলাকা থেকে আবাহনী মাঠের দিকে যাওয়া মিছিলটি দুই-তিন মিনিট স্থায়ী হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাস্থল থেকে সুজিত রঞ্জন সরকার নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ।
অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা আগামী ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান জানান, সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় বৃহস্পতিবার রাতভর এই অভিযান চলে। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতা রাব্বী সরদারকে একটি সচল রিভলভারসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাব্বীর মোবাইল ফোনে দেশ-বিদেশে থাকা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে এবং তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন। এছাড়া, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভার ও আশুলিয়া থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।
সিলেটেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার সকালে একটি ঝটিকা মিছিল বের করে। নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ নেতাকর্মীর মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ওমর ফারুক নামে ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।









