Dhaka Post
নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, রাষ্ট্র সংস্কারে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত হলে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে, বিচার ব্যবস্থা ফিরে পাবে আপন অস্তিত্ব।
রোববার (১৭ মে) বিকেলে ওয়ারীর একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মানুষের আশা ভরসার স্থল হলো আদালত বা বিচার ব্যবস্থা। আর আদালত যখন পক্ষপাতিত্ব করে তখন আর কিছু করার থাকে না। বিগত সময়ে আদালতকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ যেহেতু ফ্যাসিবাদকে বিতাড়ন করেছে, বর্তমান সরকার সে পথ থেকে বের হয়ে জনকল্যাণে কাজ করবে, এটাই জনগণের আশা। বিরোধীদের দমনে বিচারব্যবস্থাকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।
ওয়ারী থানা সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার। সভায় থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
Source: https://www.dhakapost.com/politics/452972








