আবারও জ্বালানির মূল্যবৃদ্ধিতে জামায়াতের গভীর উদ্বেগ ও প্রতিবাদ

Amar Desh

স্টাফ রিপোর্টার

আবারও জ্বালানির মূল্যবৃদ্ধিতে জামায়াতের গভীর উদ্বেগ ও প্রতিবাদ

আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত মাসে এক দফায় জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বাড়ানোর পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কেবল গত মাসেই জ্বালানির দাম বাড়ানোর কারণে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি; বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দুবেলা দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনগণের ওপর এটি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। সরকার যেখানে আশ্বস্ত করেছিল যে, অন্তত এই মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোা হবে না, সেখানে আবারও দাম বাড়ানো জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি।’

তিনি বলেন, ‘বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে যদিেআবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, তাহলে তা হবে একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ ও সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। প্রিয় দেশবাসীকে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতন হওয়ার এবং কথা বলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সব সময় আপনাদের পাশে আছি। অবিলম্বে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

Source: https://www.dailyamardesh.com/politics/jamaat/amdj4uyhrev53

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here