- খেলাধুলা প্রতিবেদক
এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ওভারে স্কোর টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষায় জয়ী হয় আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।

সুপার ওভারে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ম্যাচসেরা রিপন মন্ডল। বোলিংয়ে এসে তিনি ভারতের অধিনায়ক জিতেশ শর্মাকে প্রথম বলেই সাজঘরে ফেরান। পরের বলেই তিনি তুলে নেন আশুতোষ শর্মার উইকেট। রিপনের দুর্দান্ত বোলিংয়ে ভারত কোনো রান করার আগেই দুটি উইকেট হারিয়ে ফেলে।
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও নাটকীয়তার জন্ম হয়। সুযশ শর্মার প্রথম বলেই আউট হয়ে যান ইয়াসির আলী। তবে পরের ডেলিভারিটি ওয়াইড হওয়ায় কোনো বল খরচ না করেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ গড়ে। দলের পক্ষে হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬৫ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। শেষদিকে মেহরব হাসান মাত্র ১৮ বলে অপরাজিত ৪৮ রান করে দলের পুঁজি শক্তিশালী করেন।
১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দলও দারুণ লড়াই করে। বৈভব সূর্যবংশীর ১৫ বলে ৩৮, প্রিয়াংশ আর্যর ২৩ বলে ৪৪ এবং নেহাল ওয়াধেরার অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে ভারতও নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৪ রান তোলে। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়, যেখানে শেষ হাসি হাসে বাংলাদেশ।









