শেখ হাসিনার রায়: জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিক্রিয়া

24 Live Newspaper

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই রায় দেওয়া হয়। সোমবার জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য রায়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি জানান, জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক মনে করে এবং কোনো অবস্থাতেই এটি সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, যদিও এই বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ সরাসরি যুক্ত ছিল না, তবে সংস্থাটি আন্তর্জাতিক অপরাধের মামলাগুলোয় সর্বদা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।

বিবৃতিতে ফেব্রুয়ারি ২০২৫-এ প্রকাশিত জাতিসংঘের একটি অনুসন্ধান প্রতিবেদনের কথা উল্লেখ করে জানানো হয়, নেতৃত্ব ও দায়িত্বে থাকা ব্যক্তিসহ সকল অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনার জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ সত্য, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে অগ্রসর হবে। তিনি বলেন, অতীতের লঙ্ঘন ও শোষণের পুনরাবৃত্তি রোধে অর্থবহ এবং রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে জাতিসংঘ সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।

হাইকমিশনার ভলকার টুর্ক বিবৃতির শেষে সংশ্লিষ্ট সবার প্রতি ধৈর্য, সংযম এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান।

Source: https://www.bangla.24livenewspaper.com/post-145943