- ২৪ ডেস্ক
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। শুক্রবার তিনি সংস্থাটির কার্যকারিতা নতুন করে শুরুর ওপর গুরুত্ব দেন।

প্রধান উপদেষ্টা বলেন, চার দশক আগে গঠিত সার্ক তার প্রাথমিক পর্যায়ে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং এটি আঞ্চলিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে। তার মতে, রাজনৈতিক অচলাবস্থার কারণে সংস্থাটি বর্তমানে অনেকটা অকার্যকর থাকলেও এর প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো সক্রিয় এবং কোটি কোটি মানুষের কল্যাণ সাধনে সক্ষম।
ভাষণে অধ্যাপক ইউনূস সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতাকে অপরিহার্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা এবং সম্মিলিত কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাসী। এ লক্ষ্যেই বিমসটেক, বিবিআইএন, এশিয়ান হাইওয়ের মতো বিভিন্ন উদ্যোগে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করছে। একইসঙ্গে আসিয়ানের মতো কার্যকর আঞ্চলিক ফোরামে যুক্ত হতেও আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
অভিন্ন প্রাকৃতিক সম্পদের ন্যায্য ব্যবহার ও সহমর্মিতার চর্চার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা জানান, এ বিষয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছে, যা প্রাকৃতিক সম্পদ ব্যবহারে বাংলাদেশের সহযোগিতামূলক নীতিরই প্রতিফলন।









