২২ গজে পাক-ভারত যুদ্ধ আজ

Logo

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
২২ গজে পাক-ভারত যুদ্ধ আজ

শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২২ গজের যুদ্ধের দামামা বাজবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়। অথচ এক সপ্তাহ আগেও ম্যাচটি বয়কটের সিদ্ধান্তে অনড় ছিল পাকিস্তান!
ঘটনার শুরু প্রায় দেড় মাস আগে। উগ্রবাদীদের দাবির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়া হয় মোস্তাফিজুর রহমানকে। এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক দফা বৈঠকের পরও মন গলেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার দাবি না মেনে টাইগারদের জায়গায় বিশ্বমঞ্চে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। এ ঘটনায় পাকিস্তানের প্রথমে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠলেও, শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্তে ভারত ম্যাচটি বর্জনের কথা জানায় তারা। ভারত-পাকিস্তান ম্যাচ মানে শুধু মাঠের রোমাঞ্চকর লড়াই-ই নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অর্থনীতির চাকাও। কেবল এই একটি ম্যাচেই জড়িয়ে আইসিসির ১৭৮ মিলিয়ন ডলার বা ২ হাজার ১২০ কোটি টাকা! এরপর আইসিসি, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ত্রিপক্ষীয় আলোচনার প্রেক্ষিতে ম্যাচটি খেলার কথা জানায় পাকিস্তান সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পিসিবিকে দেয়া আনুষ্ঠানিক অনুরোধ, পাশাপাশি শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের সহায়ক বার্তা পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
হোটেল ভাড়া দ্বিগুণ, টিকিটের দাম চারগুণ
অনুমিতভাবেই বিক্রি হয়ে গেছে প্রেমাদাসার ৩৫ হাজার আসনের সব টিকিট। বার্তা সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, কালোবাজারে ম্যাচের টিকিট বিক্রি হয়েছে চার গুণ বেশি দামে! এর মধ্যেই ২২ গজের যুদ্ধ দেখতে কলম্বোতে ভিড় জমিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বার্তা সংস্থা রয়টার্সের খবর, হাজার-হাজার দর্শকের আগমনে হঠাৎ দাম বেড়ে গেছে সেখানকার ফ্লাইট ভাড়া ও হোটেল বুকিংয়েও। যেখানে সাধারণত এক রাতের হোটেলভাড়া ১০০ থেকে ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার ৩৪৬ টাকা), সেখানে এখন তা বেড়ে সর্বোচ্চ ৬৬০ ডলারে (প্রায় ৮০ হাজার ৭২২ টাকা) গিয়ে ঠেকেছে।
হাত মেলাবে ভারত-পাকিস্তান?
হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে সর্বপ্রথম যে প্রশ্নটি ভক্তদের মনে উঁকি দিচ্ছে, সেটি হলো ভারত ও পকিস্তানের ক্রিকেটাররা হাত মেলাবো তো? গত বছর ছেলেদের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দু’টি। ওই সময়ে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও এর জের ধরে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে যেন ২২ গজই হয়ে ওঠে রণক্ষেত্র। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। একই দৃশ্য দেখা যায় পরবর্তী দু’টি ম্যাচেও। এরপর একে-একে মেয়েদের বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দু’দলের হাত না মেলানো হয়ে ওঠে এক অলিখিত নিয়ম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার কাছে জানতে চাওয়া হয় তারা ভারতীয়দের সঙ্গে তারা করমর্দন করবেন কি না। পাকিস্তান অধিনায়কের সংক্ষিপ্ত জবাব, ‘ওরা কী করবে, তা ওদের সিদ্ধান্ত। আগামীকালই দেখতে পাবেন।’
পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’দলের মধ্যে এ পর্যন্ত লড়াই হয়েছে আটবার, এর মধ্যে ভারতই জিতেছে সাতবার। পাকিস্তানের একমাত্র জয়টি আসে ২০২১-এ। সেবার বাবর আজমের নেতৃত্বে ১০ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। এ সংস্করণে এখন পর্যন্ত ষোড়শবার মুখোমুখি হয় দল দুটি, যার মধ্যে ১২বারই জয়ের মালা পরে ভারত, তিনবার জেতে পাকিস্তান, অন্যটি টাই।

Source: https://www.mzamin.com/article/1157/%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%97%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%86%E0%A6%9C