১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অভিযোগপত্র দাখিলের পরও এই নৃশংস হত্যার মূল আসামিরা ধরা না পড়া অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান লেখেন, শহীদ হাদি ছিলেন তাদের অত্যন্ত প্রিয় সন্তান ও রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা। তার নির্মম মৃত্যুর শোক ও ক্ষত আজও হৃদয়ে গভীর বেদনা তৈরি করে রেখেছে। একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এভাবে চলে যাওয়া যে শূন্যতা সৃষ্টি করেছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতা ও দায়িত্বশীলতা নিয়েও জনমনে প্রশ্ন উঠছে। অভিযুক্তরা দেশে আছে নাকি সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালিয়েছে—এ বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা বা বিভ্রান্তিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে, তবে বাংলাদেশ সরকারের উচিত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা।
জামায়াত আমির আরও বলেন, শুধু গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খুঁজে বের করা জরুরি। এজন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়।
তিনি সতর্ক করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে, যা রাষ্ট্র ও আইন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। একজন শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন এবং সুবিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।









