হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, উন্নত চিকিৎসার পূর্ণ আশ্বাস

24 Live Newspaper

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। এদিন রাত ৯টায় হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি হাদির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

ওসমান হাদি

হাদির আঘাতের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর। তিনি জানান, চিকিৎসকদের ভাষায় এই আঘাত ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। গুলিটি মাথার ডান কান দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে, যার ফলে মস্তিষ্কে বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে। ব্রেন ফুলে গিয়ে পরিস্থিতি প্রাণঘাতী হওয়ার আশঙ্কায় নিউরোসার্জন ডা. জাহিদ রায়হান ও তার দল খুলির একটি বড় অংশ খুলে রেখেছেন, যাতে ভেতরে চাপ না বাড়ে।

হাসপাতালে ভর্তির সময় হাদির গ্লাসগো কোমা স্কোর (জিসিএস) ছিল সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ ৩। চিকিৎসকদের তাৎক্ষণিক পদক্ষেপে অবস্থার সামান্য উন্নতি হলেও বর্তমানে তাকে কৃত্রিম ভেন্টিলেশনে রাখা হয়েছে। এছাড়া নাক ও গলা দিয়ে হওয়া রক্তক্ষরণ বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়ন্ত্রণে এনেছেন। অস্ত্রোপচারের পর সরকারের পক্ষ থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পরিবারের সদস্যদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষের সহায়তায় রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, টেলিফোনে আলাপকালে ড. ইউনূস হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেন। তিনি জানান, কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিকে ‘আপন ও স্নেহের মানুষ’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশে বা বিদেশে যেখানেই প্রয়োজন হোক, সরকার তার সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে এবং সমস্ত ব্যয় বহন করবে। শুক্রবার বিকেল থেকেই ঢামেক প্রাঙ্গণে হাদির রাজনৈতিক সহকর্মী ও স্বজনদের ভিড় এবং উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।